গত ২৮ নভেম্বর, বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অডিটোরিয়ামে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা নারী’, ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছিল।
সারা বিশ্বজুড়ে অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। বাংলাদেশে সচেতনতা বৃদ্ধির একটি অংশ হিসেবে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেশব্যাপী নানা রকম সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
এই সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল বয়স ও পেশা নির্বিশেষে সকল নারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার প্রসার ঘটানো। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার সনাক্ত হওয়ার সুবিধা, লক্ষণ, ঝুঁকির কারণ, এবং এর প্রতিরোধের দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।
এই ক্যান্সার সম্পর্কে আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে, সেমিনারে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এদেশে প্রতি বছর প্রায় ২০ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় ৭ হাজার ৫০০ জনের মৃত্যু ঘটে।
এছাড়াও আলোচনায় বলা হয় যে, সঠিক জ্ঞান, সচেতনতার অভাব ও চিকিৎসা সুবিধা অপ্রতুলতার কারণে বাংলাদেশে এই ক্যান্সারের হার দিনদিন বেড়ে যাচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি অ্র্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজে অধ্যায়নরত জান্নাতুল ইসলাম ননীমা।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন স্তন ক্যান্সার চিকিৎসায় অভিজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ড. মাহবুবা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউদ্দিন আহমেদ, আইটি কনসালটেন্ট মো. সামিউল ইসলাম হিরণ, ট্রেনিং ডিরেক্টর শহীদুল্লাহ স্বপন এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)।
এই সেমিনারের স্ন্যাকস পার্টনার হিসেবে ‘ইম্প্রেশন’ এবং মিডিয়া পার্টনার হিসেবে ইত্তেফাক, বাংলাদেশ পোস্ট, একাত্তর টিভি এবং ঢাকা মেইল যুক্ত ছিল।
